বিশ্বে করোনায় মৃত্যু ৩০ লাখ ছাড়ালো

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৯৭ লাখ ১৬ হাজার ১৮৫ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ২৪৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১১ কোটি ৮৭ লাখ ৬৮ হাজার ৯৭৫ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২২ লাখ ২৪ হাজার ১৩৯ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৯৯৩ জনের।

আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৪২ লাখ ৯১ হাজার ৯১৭ জন এবং মারা গেছেন ১ লাখ ৭৪ হাজার ৩৩৫ জন।

আক্রান্ত এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ৯৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৯৫৪ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

স্বাস্থ্যবিধি মেনে কৃষি ব্যাংক চৌমুহনী শাখার হালখাতা পালন

প্রতি বছরের মত এবারও বাংলার চিরাচরিত ঐতিহ্য মেনে হালখাতা অনুষ্ঠান উদযাপন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক চৌমুহনী শাখা। দেশব্যাপি করোনা মহামারী অত্যধিক হারে বেড়ে যাওয়ায় সীমিত পরিসরে আজ সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠান পালন করা হয়।

হালখাতা উপলক্ষে ব্যাংকের শাখা ব্যবস্থাপক কার্তিক চন্দ্র সেন বলেন, আজকের হালখাতায় গ্রাহকদের কাছ থেকে প্রায় ৪০লক্ষ টাকা আদায় এবং প্রায় ৫০লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়।এছাড়াও প্রায় ৩০লক্ষ টাকা রেমিটেন্স প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক নোয়াখালী অঞ্চলের ডিজিএম এ.এইচ.এম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও গনমাধ্যম ব্যক্তিত্ব, চৌমুহনী প্রেসক্লাবের সভাপতি আশরাফ সিদ্দিকী বাবু এছাড়া বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ।

উপজেলা আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগের ঘোষণা কাদের মির্জার

breaking news bd

মঞ্জুরুল ইসলাম মঞ্জু (কোম্পানীগঞ্জ প্রতিনিধি) :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ফেইসবুক লাইভে এসে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, অতীতে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি তা রক্ষা করে আমি বিদায় নিতে চাই। আমি আর প্রশ্নবিদ্ধ হতে চাই না। আমি দল থেকে বিদায় নিচ্ছি। এত দিন আমি আওয়ামী লীগের মির্জা ছিলাম। আজ থেকে আমি আর আওয়ামী লীগের মির্জা নেই। কোনো শক্তি আমাকে আর আওয়ামী লীগের মির্জা বানাতে পারবে না।
তবে তিনি নিজের ঘোষিত উপজেলা আওয়ামী লীগের কমিটিকে দূর থেকে সহযোগিতা করবেন বলে জানান।

উল্লেখ্য, কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই নম্বর সদস্য থেকে ২৭ বছরের ওপরে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। এর আগে তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগ পদ থেকেও অব্যাহতি নেন।

ট্রান্সজেন্ডার সংবাদ পাঠক তাসনুভার বদলে যাওয়ার গল্প

ট্রান্সজেন্ডার সংবাদ পাঠক তাসনুভার বদলে যাওয়ার গল্প

ভিডিও কারটেসি: বিবিসি বাংলা @breakingnewsbd2

ব্রেকিং নিউজ বিডিঃ তাসনুভা আনান শিশির বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার টিভি সংবাদ পাঠক। বেসরকারি চ্যানেল বৈশাখী টিভিতে সংবাদ পাঠক হিসেবে কাজ করেন তিনি। কৈশোরে বিদ্বেষ, ঘৃণা, হয়রানির শিকার হয়েছেন, বাধ্য হয়েছেন পরিবার ছেড়ে দূরে থাকতে। শত প্রতিবন্ধকতার মাঝেও পড়াশোনা চালিয়ে গেছেন, কাজ করেছেন থিয়েটারে।

কিন্তু শত প্রতিবন্ধকতার মাঝেও পড়াশোনা চালিয়ে গেছেন, কাজ করেছেন থিয়েটারে। তার এই অর্জন বাংলাদেশে ট্রান্সজেন্ডার কমিউনিটির বাস্তবতা পরিবর্তন করবে বলে বিশ্বাস তাসনুভার।

নোয়াখালীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর মুজিব বর্ষের শিক্ষা সামগ্রী বিতরন

ব্রেকিং নিউজ বিডি :

 নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে গরীব মেধাবী শিক্ষার্থীদের মুজিব বর্ষ লগো সম্পর্কিত শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ মার্চ) দুপুর দেড়টার দিকে চাটখিল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ২৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৩৮ ছাত্র ও ৪৪৪০ ছাত্রীদের হাতে মুজিব বর্ষ লগো  সম্পর্কিত স্কুল ব্যাগ, পোশাক ও জুতা’সহ শিক্ষা সামগ্রী তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী  জাকির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কুড়িগ্রাম-১ আসনের সংসদসদস্য মো. আছলাম হোসেন সওদাগর, অতিরিক্ত জেলা প্রশাসক নোমান হোসেন প্রিন্স, চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোওয়ারী, সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনাপাল, সহ বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

গ্রেপ্তার হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল

মঞ্জুরুল   ইসলাম|কোম্পানিগঞ্জ প্রতিনিধি |

স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের বিরোধের সংঘর্ষে সাংবাদিকসহ দুজনের মৃত্যুর পর উত্তেজনার মধ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাইজদি শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালীর এসপি মো. আলমগীর হোসেন।
আলমগীর হোসেন বলেন, মিজানুর রহমান বাদলের বিরুদ্ধে একাধিক মামলায় রয়েছে। তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা পরে জানানো হবে।
কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা নির্বাচনের সময় থেকে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা বিভিন্ন নেতার বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। এ সময় তার সঙ্গে স্থানীয় বেশ কয়েকজন নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।
এ নিয়ে দলের বিভিন্ন পক্ষের পরস্পর বিরোধী বিভিন্ন কর্মসূচি চলতে থাকে।
এরই ধারাবাহিকতায় গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে পৌর মেয়র আবদুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির পরদিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত সোমবার নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খানকে মারধরের অভিযোগ ওঠে।
খিজির খানকে লাঞ্ছিত করার প্রতিবাদে পরদিন বসুরহাট পৌর এলাকার রূপালী চত্বরে সমাবেশ চলাকালে আবার সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে দলের এক কর্মী নিহত হন।
এসব ঘটনার প্রেক্ষিতে সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘কোম্পানীগঞ্জের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না’ বলে হুঁশিয়ার করেন।
বৃহস্পতিবারও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালে যুক্ত হয়ে আবারও ওবায়দুল কাদের বলেছেন, “কোম্পানীগঞ্জে বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে শুরু করেছে। অভিযান শুরু হয়েছে, ইতিমধ্যে সেখানে একশ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

প্যানেল মেয়র নির্বাচিত হলেন তরুন কাউন্সিলর তাকিব উদ্দিন চৌধুরী রাকিব

তাকিব উদ্দিন চৌধুরী রাকিব ও মেয়র আলহাজ্ব খালেদ সাইফুল্লাহ

চৌমুহনী পৌরসভা নির্বাচনে সবাইকে তাক লাগিয়ে বিপুল ভোটে বিজয়ী, সর্ব-কনিষ্ঠ কাউন্সিলর,  সৎ, যোগ্য, তরুন কাউন্সিলর তাকিব উদ্দিন চৌধুরী রাকিব এবার প্যানেল মেয়র নির্বাচিত হলেন। আজ সকাল ১০টা নাগাদ চৌমুহনী পৌরসভায় মেয়র কক্ষে সকল কাউন্সিলরদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত নির্বাচিত কাউন্সিলরদের সামনে প্যানেল মেয়র সিলেকশন এর প্রস্তাব করা হয়। পরবর্তীতে সবার সম্মতি ক্রমে নির্বাচনের মাধ্যমে প্যানেল মেয়র নির্বাচন করার জন্য সিদ্ধান্তে উপনীত হন। বিকাল ৩ ঘটিকায় মেয়র , পৌরসভার সচিব, প্রধান প্রকৌশলীর উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নানা জল্পনা শেষে  বিকেল ৩.৩০মিনিটে মেয়র মহোদয় ফলাফল প্রকাশ করেন। সকল কাউন্সিলরগণ তাদের সারথী তাকিব উদ্দিন চৌধুরী রাকিব  এর উপর আস্থা রেখে প্যানেল মেয়র নির্বাচন করেন। এবিষয়ে রাকিব ব্রেকিং নিউজ বিডি কে জানান, আমি ধন্যবাদ জানাই সবাইকে যারা আমার উপর আস্থা রেখেছেন, আমাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করায় আমি কৃতজ্ঞ। আমি আরো কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় মেয়র মহোদয় জনাব আলহাজ্ব খালেদ সাইফুল্লাহ (এম,কম) এর প্রতি। আরো কৃতজ্ঞতা জানাই এম,পি মহোদয় জনাব আলহাজ্ব মামুনুর রশিদ কিরন এর প্রতি। দোয়া করবেন আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করতে পারি। ব্রেকিং নিউজ বিডি’র পক্ষ থেকে তাকিব উদ্দিন চৌধুরী রাকিব কে অভিন্দন।

হারিছ-আনিসের সাজা মওকুফ নিয়ম মেনেই হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রেকিং নিউজ | জাতীয় খবর|

নিয়ম মেনেই হারিছ আহমেদ ও আনিস আহমেদের সাজা ‘মওকুফ’ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজধানীর মগবাজারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, আইন অনুযায়ী যে দণ্ডপ্রাপ্তদের ক্ষমা করার সুযোগ রয়েছে- তা আইনজ্ঞরাও বলেছেন। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই হারিছ ও আনিসের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে গোপনের কিছু নেই।

পুলিশের ওয়েবসাইটে ওয়ান্টেড তালিকায় হারিছ আহমেদের নাম এখনো থেকে যাওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কমিউনিকেশন গ্যাপের কারণে হারিছের নাম ও ছবি তালিকাভুক্ত রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি কাতারভিত্তিক টেলিভিশন আলজাজিরা ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক একটি প্রতিবেদন প্রচার করে। যাতে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে অসংখ্য ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। ওই প্রতিবেদনে সেনাপ্রধানের দুই ভাই আনিস ও হারিছের নামও আসে। তারা দুজনেই হত্যা মামলার আসামি ছিলেন। আলজাজিরা তাদের প্রতিবেদনে ওই দুজনকে পলাতক হিসেবে উল্লেখ করেছে। প্রতিবেদনটি সেনাসদরের দৃষ্টিগোচর হলে বিবৃতি দিয়ে তীব্র প্রতিবাদ জানায় সেনাবাহিনী। সেনাসদর বলেছে, প্রতিবেদন দৃষ্টে স্পষ্টতই প্রতীয়মান যে, সামগ্রিকভাবে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী তথা সেনাবাহিনী প্রধানকে বাংলাদেশের জনগণ ও বিশ্বের দরবারে বিতর্কিত, অগ্রহণযোগ্য ও হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যান্য অসত্য, বানোয়াট, মনগড়া, অনুমাননির্ভর ও অসমর্থিত তথ্য সংযুক্ত করে এই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

সেনাসদর আরো বলেছে, গত ২৯ মার্চ ২০১৯ তারিখে সেনাবাহিনী প্রধানের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয় যেখানে বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অথচ তার পূর্বেই সেনাবাহিনী প্রধানের ভাইগণ (আনিস এবং হাসান) তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়ে ষড়যন্ত্রমূলক, পরিকল্পিতভাবে দায়েরকৃত সাজানো ও বানোয়াট মামলা হতে যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমেই অব্যাহতি পান। ফলে ২৯ মার্চ ২০১৯ তারিখে সেনাবাহিনী প্রধানের ছেলের বিবাহোত্তর অনুষ্ঠানে তার কোনো ভাই কোনো দণ্ডপ্রাপ্ত বা পলাতক আসামি অবস্থায় ছিলেন না, বরং সম্পূর্ণ অব্যাহতিপ্রাপ্ত হিসাবেই তারা ওই অনুষ্ঠানে উপস্থিত হন এবং ওই সময়ে তাদের বিরুদ্ধে আর কোনো মামলা অনিষ্পন্ন অবস্থায় বা চলমানও ছিল না। এরপর সেনাবাহিনী প্রধান এপ্রিল ২০১৯ এ সরকারি সফরে সিঙ্গাপুর ভ্রমণ শেষে ব্যক্তিগত সফরে মালয়েশিয়া গমন করেন এবং বড় ভাইয়ের বাসায় অবস্থান করেন। অতএব বিষয়টি স্পষ্ট যে, প্রতিবেদনে দেখানো সেনাবাহিনী প্রধানের তার প্রবাসী ভাইয়ের সঙ্গে বিবাহ অনুষ্ঠানে এবং মালয়েশিয়াতে সাক্ষাতের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পলাতক আসামির সঙ্গে সাক্ষাৎ হিসাবে উপস্থাপন করা হয়েছে, যা একটি নির্লজ্জ অপপ্রচার মাত্র।

এ বিষয়ে গত মঙ্গলবার সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ঢাকায় আর্মি অ্যাভিয়েশন গ্রুপের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সেদিন আমার ভাইয়ের বিরুদ্ধে না কোনো সাজা ছিল, না তার বিরুদ্ধে কোনো মামলা ছিল। তার আগেই যে মামলাটি ছিল তা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

কাদের মির্জা-বাদল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

কাদের মির্জা-বাদল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

মঞ্জুরুল ইসলাম|কোম্পানীগঞ্জ প্রতিনিধি | নোয়াখালী | 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছোঁড়ে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার পর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- উপজেলার বড়রাজাপুর গ্রামের আবদুল ওয়াহিদের ছেলে সাইদুর রহমান (২৬), চরকাঁকড়া ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে নুরুল অমিত (২০) ও বসুরহাট পৌরসভার আবুল কালামের ছেলে রায়হান (২০)।

অন্যদিকে গুরুতর আহতরা হলেন- চরফকিরা ইউনিয়নের মো. কাঞ্চন (৬০), মুছাপুর ইউনিয়নের আবুল খায়েরের ছেলে মাসুদ (২৫), চরকাঁকড়া ইউনিয়নের আবদুস সাত্তারের ছেলে কামরুল হাসান (৩০), চরফকিরা ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে ফরহাদ (৪০), চরফকিরা ইউনিয়নের বোরহান উদ্দিন মুজাক্কির (২৮), বসুরহাট পৌরসভা এলাকার আদনান (২৪) ও মারুফ (২৫)।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সেলিম বলেন, গুলিবিদ্ধ তিনজনসহ গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নেন আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। এ সময় সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে একটি মিছিল বাজারের দলীয় কার্যালয়ে দিকে যায়।

হঠাৎ করে ওই মিছিলে আবদুল কাদের মির্জার সমর্থক জামাল উদ্দিন লিটনসহ কিছু লোক বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছোঁড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আধা ঘণ্টারও বেশি সময় ধরে এ সংঘর্ষ চলে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বসুরহাটসহ কোম্পানীগঞ্জ অচল অবস্থায়

কোম্পানীগঞ্জে কাদের মির্জার আন্দোলনের মুখে থানায় এবার পুলিশ বন্দি 

ব্রেকিং নিউজ বিডিঃ ডিসি এসপি ওসির প্রত্যাহার ও যুবলীগ নেতা ফখরুল ইসলাম সবুজ বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের গ্রেফতার দাবিতে মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে ৫শতাদিক ছাত্রলীগের সাবেক বর্তমান নেতাদের কে নিয়ে কোম্পানীগঞ্জে থানা ঘেরাও। রাত ৯টা থেকে অনির্দিষ্ট সময় এর কর্মসূচী ঘোষণা।

ডিসি ,এসপি ,ওসি প্রত্যাহার ,বাদল ,সবুজ ,রাহাতকে গ্রেফতারের দাবীতে – কাদের মির্জার আন্দোলনের মুখে থানায় এবার পুলিশ বন্দি ।বসুরহাটের ঔষধ ও খাবার দোকান ছাড়া সকল দোকান পাট যানবাহন চলাচল বন্ধ । ১৬ তারিখ সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আওয়ামীলীগ‘র নেতা কর্মীরা থানা ঘেরাও করে রেখেছে । বসুরহাটসহ কোম্পানীগঞ্জ অচল অবস্থায় ।ওবায়দুল কাদের নিশ্চুপ !

কোম্পানিগঞ্জ উপজেলা -ওবায়দুল কাদেরের সহকারী নুরুল করিম জুয়েলের বিরুদ্ধে লুটপাট সহ নানান ধরনের অনিয়মের অভিযোগ

মঞ্জুরুল ইসলাম মঞ্জু-
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হুদার ছেলে নুরুল করিম জুয়েলের বিরুদ্ধে সারা দেশ থেকে ওবায়দুল কাদেরের নাম বিক্রি করে টাকা হাতিয়ে নিয়ে লুটপাট করা সহ নানান অনিয়মের অভিযোগ তুলছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা গতকাল সন্ধ্যা তার ফেইজবুক লাইভে এসে নুরুল করিম জুয়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন এ জুয়েলরা মন্ত্রী ওবায়দুল কাদেরের নাম বিক্রি করে সারাদেশের কন্টাক্টার ও বড়ো বড়ো ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হতিয়ে নিচ্ছে, এ সময় তিনি উদাহরন দিয়ে বলেন নরুল করিম জুয়েলরা সারাদেশের ব্যবসায়ী নেতা যেমন মডার্নের আনোয়ার খানদের মতো বড়ো বড়ো ব্যবসায়ীদের থেকেও মন্ত্রীর কথা বলে টাকা হাতিয়ে নিয়ে লুটপাট করে খাচ্ছে ।

মেয়র আবদুল কাদের মির্জা এময় আরো বলেন শেখ হাসিনা, ওবায়দুল কাদেরেরা মন্ত্রী এমপি বানানো লাগেনা এ জুয়েলরা সারাদেশে নেতাদের মন্ত্রী,এমপি বানিয়ে পেলে, তারা আমাদেরকে বুঝায় গতকাল কালকে মন্ত্রীর সাথে কথা হইছে মন্ত্রী আপনার কথা ভালো বলছে, সাহাব উদ্দিন সাহেবের মতো লোকদেরও তারা এসব বুঝায়, এমনকি সারাদেশ থেকে ওবায়দুল কাদেরের কথা বলে টাকা কালেকশন করে।

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন তোমরা জুয়েলদের পিটানোর দরকার নেই, যেখানে পাও জুয়েলদের ধরে পুলিশের হাতে দাও। আমি দেখবো মন্ত্রী এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন।

উল্লেখ্য মেয়র আবদুল কাদের মির্জা তার ফেইজবুক লাইভে এসয়ম অরো অনেকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেন।

নুরুল করিম জুয়েলের বিরুদ্ধে মেয়র আবদুল কাদের মির্জার অভিযোগের সত্যতা জানতে যোগাযোগ করা হলে নুরুল করিম জুয়েল বলেন এ বিষয়ে আমার কোন বক্তব্য নেই উনি আমাদের নেতা।

নোয়াখালীর সোনাইমুড়ীতে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ককটেল বিষ্ফোরণ ও গুলি বিনিময়ে সাংবাদিকসহ আহত-১২, গুলিবিদ্ধ-১, স্থগিত ১


গুলিবিদ্ধ যুবক মোহন

মুজাহিদুল ইসলাম সোহেল:    
চতুর্থ ধাপের নির্বাচনে নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার ভোট গ্রহণ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে। ভোট চলাকালে দুই মেয়র প্রার্থীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ককটেল বিষ্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে মোহন নামের এক যুবক গুলিবিদ্ধসহ পৃথক সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন। হামলার শিকার হয়েছেন স্থানীয় দুই সংবাদকর্মী। ভোটারদের জোর পূর্বক নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করায় দুই এজেন্টকে আটক করেছে পুলিশ। ব্যালটে অনিয়মের অভিযোগ পেয়ে ৮নং কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন।
এদিকে পৌরসভার ৯টি কেন্দ্রে মধ্যে ৪টি কেন্দ্রের ভোট বন্ধ করে পুনঃরায় ভোট গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন করেছে সোনাইমুড়ী পৌরসভার বিএনপি প্রার্থী মোতাহের হোসেন মানিক।
রবিবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আহত সাংবাদিকরা হচ্ছেন, দৈনিক খবর এর সোনাইমুড়ী প্রতিনিধি আবু বক্কর ছিদ্দিক ও টুডে বাংলাদেশ এর সোনাইমুড়ী প্রতিনিধি রায়হান। গুলিবিদ্ধ হয়েছেন, সোনাইমুড়ী উপজেলার বাহারকুট গ্রামের আবদুল হকের ছেলে মোহন (২০)। অপর আহতরা হচ্ছেন, উলুপাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে মনির হোসেন (২২) ও আমিরাবাদ গ্রামের আবুল হাসেমের ছেলে সালা উদ্দিন (২৯)সহ ৪জন।


হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, তারা সবাই আওয়ামী লীগ প্রার্থীর নৌকা প্রতীকের সমর্থক। সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পর তারা পৌরসভার ৬নং বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পাশের একটি বাড়ীতে বসে ছিল। সকাল সাড়ে ১০টার দিকে মোবাইল প্রতীকের একদল সমর্থক তাদের ওপর অর্তকিত হামলা চালায়। এসময় হামলাকারীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় ও ককটেলের বিষ্ফোরণ করে। এতে মোহনের পা’সহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। হামলার সময় দৌঁড়ে পালাতে গেলে মনির ও সালা উদ্দিনসহ আরও ৪জনকে কুপিয়ে এবং পিটিয়ে জখম করে হামলাকারীরা।
আহত মনির হোসেন বলেন, কোন প্রকার উষ্কানি ছাড়াই মোবাইল প্রতীকের লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। মোহন, সালা উদ্দিনসহ আমরা তিন জন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি আছি। মোহনের অবস্থা আশংকাজনক।  
বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা এসআই রুবেল মিয়া জানান, সকাল থেকে কেন্দ্রে সুষ্ঠভাবে ভোট গ্রহণ চলছে। সকালে কেন্দ্রের বাহিরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি।


অপরদিকে পৌরসভাটির ১নং কৌশল্যারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টার দিকে ভোট দিতে আসা কয়েকজন ভোটারকে জোর পূর্বক সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর চশমা প্রতীকে ভোট দিতে বলে দুইজন এজেন্ট। পরে ভোটারদের অভিযোগের ভিত্তিতে ওই দুই এজেন্টকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দায়িত্বে থাকা পুলিশের এসআই ফারুক হোসেন।
এদিকে, সকালে নির্বাচনী সংবাদ সংগ্রহ করতে ৭নং সুফিয়া খাতুন ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দূর্বৃত্তের হামলার শিকার হন সাংবাদিক ছিদ্দিক ও রায়হান। হামলাকারীরা তাদের মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত করে। দুপুর ১টার দিকে ভোটের ব্যালটে অনিয়ম ও জাল ভোটের অভিযোগে ৮নং কাঁঠালিয়া মোহাম্মদীয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেন নির্বাচন কমিশন। ওই কেন্দ্রটির ভোট আর চালু করা হয়নি বলে নিশ্চিত করেছেন সহকারি রির্টানিং কর্মকর্তা শেখ ফরিদ।  
উল্লেখ্য, পৌরসভার মোট ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে রবিবার সকাল থেকে ভোট গ্রহণ চলছে। পৌরসভাটিতে মোট ভোটার সংখ্যা ২৫হাজার ২৩২জন, যার মধ্যে পুরুষ ১২হাজার ৮৩৬ ও নারী ভোটার রয়েছে ১২হাজার ৩৯৬জন।

প্রতীক পেয়ে প্রচারণায় মেয়র প্রার্থী রুবেল ভাট, নৌকায় ভোট দিলে মডেল পৌরসভা উপহার দেওয়ার প্রতিশ্রুতি।

ব্রেকিং নিউজ বিডিঃ লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় নেমেছেন পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে মাত্র দুজন। জোরেশোরে প্রচারণায় মেয়র প্রার্থী রুবেল ভাট, এই সময় যে যেদলই করেননা কেন সরকার দলীয় সংগঠন আওয়ামীলীগ এর বাহিরে অন্য প্রতীকে ভোট না দেওয়ার অনুরোধ করেন।বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার সময় তিনি আরো বলেন, নৌকায় ভোট দিলে মডেল পৌরসভা উপহার দিবো।নৌকার প্রার্থী রুবেল ভাট কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য এবং ধানের শীষের জিলানী রায়পুর পৌর বিএনপির সভাপতি। জিলানী রায়পুরের সাবেক দুইবারের মেয়র।  শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট প্রচারণা চালিয়েছন। ধানের শীষের প্রার্থী এবিএম জিলানী নেতাকর্মীদের নিয়ে ৩ নম্বর ওয়ার্ডে প্রচারণা  চালিয়েছন।

এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে হাতপাখার প্রার্থী আবদুল খালেক, মোবাইল ফোনের মনির আহম্মেদ ও পানির জগ মার্কার নাসির উদ্দিন সগির নিজেদের অনুসারীদের নিয়ে প্রচারে নামার কোন তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, শুক্রবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নাজীম উদ্দিন নিয়ম অনুযায়ী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এতে তিন জন মেয়র প্রার্থী দলীয় ও দুইজন স্বতন্ত্র প্রার্থী পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ পেয়েছেন। এ পৌরসভায় ৫৫ জন সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী প্রতীক পেয়ে প্রচারণায় মাঠে নেমেছেন। এছাড়া ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের একমাত্র সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ফেরদৌস আরা স্বপ্না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে পৌরসভার বাজারের অধিকাংশ বাসিন্দা ভাড়াটিয়া হওয়ায় প্রথম দিনেই মাইকের যন্ত্র‌নায় অতিষ্ঠ হয়ে পড়েছেন। বাজারের অনেক ব্যবসায়ী অভিযোগ করেন মাইকের কারনে কাষ্টমারদের সাথে কথা বলা যায়না। একসাথে ১২ থেকে ১৩টি মাইক বাজারে ঘুরে। 
রায়পুর উপজেলা নির্বাচন অফিসার দীপক বিশ্বাস বলেন, ২৮ ফেব্রুয়ারি রায়পুর পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২৬ তারিখ রাত পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। এ পৌরসভায় ২৩ হাজার ৬৩১ জন ভোটার রয়েছে। এখানে ইলেক্ট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে, প্রার্থীদের নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রার্থীরা প্রচারণা চালাবেন। কোনো প্রার্থী বিধি লঙ্ঘন করলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ব্রেকিং নিউজ বিডিঃ কোম্পানীগঞ্জে মাহফিলে উসকানিমূলক বক্তব্য, বক্তা সহ আটক ২

আটকে বক্তা মাওলানা মোঃ ইউনুস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বক্তাসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বড় রাজাপুর গ্রামের সিদ্দিকীয়া নূরানী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।

আটকৃতরা হলেন, ধর্মীয় বক্তা মাওলানা ইউনুস (৩৭), তিনি কবিরহাট উপজেলার সাদুল্ল্যাপুর গ্রামের আমিন উল্যার ছেলে। ইমরান হোসেন রাজু (২২), তিনি বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের আবুল বাশারের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় বক্তাসহ ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।  পরে এ ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ফেনীতে ৮০০+ ইয়াবাসহ মো. জাহাঙ্গীর আলম নামের যুবক গ্রেপ্তার

ফেনীতে ইয়াবাসহ ওসি প্রদীপ সোর্স মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঞ্জুরুল ইসলামঃ
ফেনীতে ইয়াবাসহ ওসি প্রদীপ সোর্স মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল থেকে ৮০০বেশি ইয়াবাসহ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের অন্যতম সোর্স জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে। জাহাঙ্গীর কক্সবাজারের টেকনাফ উপজেলার দিঘলীয়া পালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল কাদিরের ছেলে।

ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এসময় ৮০০+ ইয়াবাসহ মাদক কারবারী মো. জাহাঙ্গীর আলমকে আটক করে। পরে তাকে জিঙ্গাসাবাদে সে জানায়, টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের সোর্স ছিলেন জাহাঙ্গীর। এ ঘটনায় ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার জাহাঙ্গীরকে পরে থানায় হস্তান্তর করা হয়েছে।

Create your own website, free on WordPress.com.Create your own website.
Start free